পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ডা. ফেরদৌস
সাতকানিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি-২০২৬ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আলহাজ্ব ডাক্তার সৈয়দুর রহমানের মেজ সন্তান, সমাজসেবক ডা. মো. ফেরদৌস আলম।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত আদেশে পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-২০২৬-এর অনুমোদন দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যের সন্তান হিসেবে ডা. ফেরদৌস আলম দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি এপেক্স ক্লাব অব চিটাগংসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে নিজ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা।
প্রতি শনিবার তিনি নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এতে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ নিয়মিতভাবে উপকৃত হয়ে আসছেন।
ডা. ফেরদৌস আলম পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। এলাকাবাসী নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা ও বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
সিটিজিপ্রেস/জিএন